ড. ইউনূসের সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ: গোয়েন লুইস
শেখ হাসিনার সরকারের পতনের চার দিনের মাথায় বাংলাদেশে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এ সরকারকে জাতিসংঘ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
শুক্রবার সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে তিনি এ আশ্বাসের কথা জানান।
সেখানে আধা ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন গোয়েন লুইস। এ সময় তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ।
একই সঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনৈতি বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়েও সব দল মতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা।
এ সময় বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নিরপেক্ষ নির্বাচন হবেই, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
কবে নাগাদ নিরপেক্ষ নির্বাচন হবে জানতে চাইলে সাংবাদিকদের কিছুই বলেননি বিএনপি নেতা।
