ব্রেকিং নিউজঃ

রিমান্ড শেষে পার্থ শিমুল নীরবসহ ৭ জন কারাগারে

বিটিভি ভবন ও সেতু ভবনে হামলার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ সাতজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পৃথক দুই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিটিভি ভবনে নাশকতার মামলায় শিমুল বিশ্বাসসহ কারাগারে ৬: রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ ৬ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এই আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।

এর আগে রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলাটির তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৯ জুলাই বিটিভি ভবনে হামলার এ মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার সিএমএম আদালত।

রিমান্ড শেষে কারাগারে পার্থ: রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিন দুই দফায় আট দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে জামিন চেয়ে আবেদন করেন পার্থের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031