ব্রেকিং নিউজঃ

হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা নিয়ে জেঁকে বসতে শুরু করেছে শীত

হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা নিয়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ইতোমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ৯ ডিগ্রির ঘরে। কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ। তা আরও বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে আরও। রোববার দেশের নদী অববাহিকায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা কোথাও কোথাও ৫০০ মিটারেরও কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর থেকে পরবর্তী (৩-৪) ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই অবস্থায় প্রথম দিনে রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি উল্লিখিত সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031