টিসিবির ৫ পণ্য বিক্রি শুরু রোববার
দেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারীর কাছে চাল, মসুর ডাল, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজ ভর্তুকি মূল্যে বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অক্টোবর মাসের এই বিক্রয় কার্যক্রম রোববার থেকে শুরু হচ্ছে।
রাজধানীর দক্ষিণ সিটির ১৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে এই কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার সংস্থাটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কার্ডধারীরা নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রতি ক্রেতা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন।
পাশাপাশি ১০০ টাকা লিটারে সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, ৬০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ৭০ টাকা দরে এক কেজি চিনি কিনতে পারবেন।
তবে চিনি প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে এবং আমদানি করা পেঁয়াজ প্রাপ্তি সাপেক্ষে শুধু ঢাকা মহানগরীতে বিক্রি হবে।
