রাষ্ট্রপতি নিজ জেলা সফরে আসছেন ২৭ সেপ্টেম্বর
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় আসছেন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি রাষ্ট্রপতির দ্বিতীয়বার পাবনা সফর।
এর আগে ১৫ মে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৬ মে রাষ্ট্রপতিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে স্মরণকালের বিশাল নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্র ও রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত চিঠিতে জানা গেছে, রাষ্ট্রপতি ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছবেন এবং পাবনা সার্কিট হাউসে রাতযাপন করবেন। ২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় সড়ক পথে পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে পুনরায় পাবনা সার্কিট হাউসে আসবেন।
সার্কিট হাউসে রাতযাপন শেষে ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় তিনি হেলিকপ্টারে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন।
এদিকে সাঁথিয়ায় আবহমানকালের গ্রামীণ উৎসব নৌকাবাইচ প্রতিযোগিতায় রাষ্ট্রপতির আগমনের খবরে নতুন মাত্রা যোগ হয়েছে। সাঁথিয়া উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
বেড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন ও সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুর হক বাচ্চু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর ইছামতি নদীতে সাঁথিয়া পৌরসভার উদ্যোগে সপ্তাহব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারো ২২ সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হবে এবং ২৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দেবেন।
অনুষ্ঠানে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের এমপি ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে এবারে নৌকা বাইচ প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। পৌরসভার পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বঙ্গভবনের অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র জানায়, এবার সাঁথিয়ার কর্মসূচি ছাড়াও শহরে তিনি স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক ও বন্ধু সহকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সময় কাটাবেন।
এর মধ্যে পাবনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও ভাষাসৈনিক প্রয়াত রণেশ মৈত্রের পরিবারকে পাবনা প্রেস ক্লাবের কল্যাণ তহবিলের অর্থ হস্তান্তর করবেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য এবং পরে তাকে ক্লাবের সাধারণ সভায় জীবন সদস্য করা হয়।
