বাজারে অভিযান, ৯৮ প্রতিষ্ঠানকে জরিমানা
আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজধানীসহ সারা দেশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মে ৯৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪২টি জেলায় একযোগে এ তদারকি করা হয়।
সারা দেশে ৪৪টি তদারকি টিম ৫৯টি বাজারে অভিযান পরিচালনা করে ৯৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
