আজ থেকে বিএনপির ১৫ দিনের কর্মসূচি শুরু
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেরানীগঞ্জ ও গাজীপুরে সমাবেশের মাধ্যমে মঙ্গলবার এ কর্মসূচি শুরু হচ্ছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার ঢাকার জিঞ্জিরা-কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করবে বিএনপি।
কেরানীগঞ্জের সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আবদুল মঈন খান। টঙ্গীর সমাবেশে উপস্থিত থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
এক দিন বিরতি দিয়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভৈরব-ব্রাক্ষ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোড মার্চ করবে দলটি। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগরে যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ করা হবে। যাত্রাবাড়ীর সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ও ড. আবদুল মঈন খান। উত্তরার সমাবেশে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই দিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল করা হবে।
২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর- পটুয়াখালীতে রোড মার্চ করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।
২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলার আমিনবাজারে সমাবেশ হবে। অতিথি থাকবেন নজরুল ইসলাম খান (নয়াবাজার) এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান (আমিনবাজার)।
২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোড মার্চ কর্মসূচি রয়েছে। এতে নেতৃত্ব দেবেন মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। ২৬ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী কনভেনশনে সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. আবদুল মঈন খান।
২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরীর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ হবে। এতে অতিথি হিসেবে থাকবেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান (গাবতলী) এবং ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী (ফতুল্লা)।
২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ। এতে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বেগম সেলিমা রহমান।
৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন। ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে রোড মার্চ। ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ। ৩ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোড মার্চ।
