ব্রেকিং নিউজঃ

গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট প্রস্তুত, শনিবার হস্তান্তর

চূড়ান্ত অনুমোদনের জন্যে গণস্বাস্থ্যের তৈরি করোনাভাইরাসের টেস্টিং কিট শনিবার (২৫ এপ্রিল) সরকারের কাছে হস্তান্তর করা হবে। শনিবার বেলা ১১টায় ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতাল ভবন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কিট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আগামীকাল শনিবার ৫শ’ থেকে এক হাজারের মতো টেস্টিং কিট স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দেওয়া হবে। এরপর সরকারের অনুমোদন পেলে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।’

এর আগে এই কিটের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি দাবি করেন, গত ১২ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনার জন্য আবেদন করে প্রায় ১০ দিন পর রক্ত পেয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারিকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফোন করাতে হয়েছে।

তিনি জানান, গত ২০ এপ্রিল কিট জমা দেওয়ার কথা থাকলেও বৈদ্যুতিক গোলযোগের কারণে ল্যাবে যান্ত্রিক ত্রুটি তৈরি হওয়ায় হস্তান্তর করা যায়নি।

উল্লেখ্য, গত ১৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষার জন্য প্রাতিষ্ঠানিক গবেষণায় কিট উৎপাদনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। পরে ১৯ মার্চ কিট উৎপাদনের সরকারি অনুমোদন পায় প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাস শনাক্তকরণের ‘জিআর র‌্যাপিড ডট ব্লট ইমিউনোঅ্যাসি’ কিট তৈরির জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক দলের নেতৃত্ব দেন ড. বিজন কুমার শীল। অন্য গবেষকরা হলেন, ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ ও সিঙ্গাপুরের একজন গবেষক। ৫ এপ্রিল চীন থেকে কিট তৈরির কাঁচামাল আমদানি করে গণস্বাস্থ্য কেন্দ্র।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031