ব্রেকিং নিউজঃ

গণঅধিকারের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা

পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযোগে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এ মামলা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘পুলিশকে সহায়তা করা সব নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেওয়ার পরে নুরের উচিত ছিল সাহায্য করা। পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন নুর। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসেবে তার কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি।’

হারুন বলেন, ‘এত কিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি এবং তার রুম থেকেই মামলার আসামিকে গ্রেপ্তার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।’

তিনি বলেন, ‘ফেসবুক লাইভে তিনি (নুর) পুলিশকে গালিগালাজ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, সরকারি কাজে বাধা দিয়েছেন। আমরা মনে করি এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।’

এদিকে, মামলার ব্যাপারে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে নুরের বাসায় তল্লাশি করে ডিবি। তখন ফেসবুক লাইভে এসে তাদের তল্লাশির কথা বলেন নুর। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930