বিএনপির অগ্নি সন্ত্রাস আমরা রুখবোই : ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অগ্নি সন্ত্রাস আমরা রুখবোই। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এটা আজকে আমাদের শপথ।
শনিবার (২৯ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা শেষে এসব কথা বলেন তিনি।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও অঙ্গ-সহযোগী ও ভ্রাত্রিপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় নেতারা।
রোববারের বিক্ষোভ কর্মসূচির ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানায় বিএনপির অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। যে যেভাবে পারেন, সারা দেশে সকল মহানগর, জেলায়, থানায় সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন। এ ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে অন্য সংগঠনগুলোকে সমন্বয় করে কর্মসূচি পালেন নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, আমরা যে আশঙ্কা করেছিলাম, সেট সত্যি হলো। আমরা বারবার বলেছি- তাদের (বিএনপি) আন্দোলনের একদফা অগ্নি সন্ত্রাস৷ তারা এটা শুরু করতো গতকাল (শুক্রবার)। কিন্তু আমাদের শক্ত অবস্থানের কারণে তারা সেটি করতে পারেনি
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শুক্রবারের শান্তি সমাবেশের জন্য ধন্যবাদ জানান তিনি।
বিএনপির শুক্রবারের মহাসমাবেশের বিষয়ে তিনি বলেন, গতকাল তারা বলেছে- এই রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দিবে। এটাই তাদের সিদ্ধান্ত। এর আগে তারা নেতাকর্মীদের অতিরিক্ত জামাকাপড় নিয়ে ঢাকা আসতে বলেছে এবং সঙ্গে চাদর নিয়েও আসতে বলেছে। তার মানে এখানে তারা অবস্থান করবে। গণভবন থেকে শেখ হাসিনাকে না হটিয়ে এ অবস্থান থেকে সরবে না। এটাই তাদের লিডার তারেক রহমানের নির্দেশ ছিল।
বিএনপির মহাসমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অডিও বার্তা দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমি বুঝি না, আদালতের আদেশ প্রতিনিয়ত এই দুর্বৃত্ত তারেক রহমান লঙ্ঘন করে চলেছে। আদালতের আদেশ ছিল, কোনোভাবেই, কোনো ফোরামে তার ভাষণ, স্টেটমেন্ট, বিবৃতি ও বক্তব্য প্রচার করা যাবে না। সে প্রতিনিয়ত হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। লঙ্ঘন করলে কী শাস্তি? শাস্তি তো তার ২০ বছর হয়েছে। আদালত যে বলেছে সে বক্তব্য, বিবৃতি দিতে পারবে না, কালকে তো বললে বলতে এমনও বলেছে- একটা লাশ পড়লে দশটা লাশ পড়বে। লাশ ছাড়া সে কথা বলে না। টাকা ছাড়া সে কথা বলে না। আন্দোলন করো টাকার অভাব হবে না। কোথা থেকে পায় এত টাকা। প্রকাশ্যে মুখে মুখে বলে এর কি বিচার নেই, প্রতিকার নেই! সে কী আইনের উর্ধ্বে? বিএনপির যে নেতারা পল্টনে দাঁড়িয়ে তার কথার প্রতিধ্বনি করে, তারা কী আইনের উর্ধ্বে?
একই দিনে কর্মসূচি দেওয়ার ব্যাপারে তিনি বলেন, তারা বলে- আমরা তাদের দেখাদেখি পাল্টা কর্মসূচি দেই। আজকে তারা এখনো কর্মসূচি দেইনি। আমরা আজ বসেছি… আমাদের কর্মসূচি বিএনপিকে দেখে করবো না। আমরা গতকাল (শুক্রবার) এক কিলোমিটারের মধ্যে সমাবেশ করেছি। কিন্তু ছোট একটা সংহিতাও হয়নি। এই শহরে একই দিনে চারটা মিটিং হয়েছে। কোনো সংঘাত হয়নি। কারণ আমরা সংঘাত করতে সভাসমাবেশ করিনি, সংঘাতের বিরুদ্ধে, সংঘর্ষের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তাকে পবিত্র দায়িত্ব মনে করেছি। সেই জন্য আমরা সতর্ক অবস্থানে ছিলাম, আছি, থাকবো। কোনো পাল্টাপাল্টির বিষয় না।
আজকের সারা দিনের ঘটনা মনিটরিং করার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অগ্নি সন্ত্রাস তারা (বিএনপি) শুরু করে দিয়েছে। মাতুয়াইল, গাবতলীসহ ঢাকার বিভিন্ন জায়গায় ৭টি বাসে আগুন দিয়েছে, ভাংচুর করেছে, হামলা করেছে। পুলিশের ওপর হামলা করেছে। যুবলীগের একজনের হাতে কবজি কেটে নিয়েছে।
তিনি দাবি করেন, অধিকাংশ সংঘর্ষ পুলিশের সঙ্গে হয়েছে। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের লোকজনের ওপর হামলা করেছে, ধাওয়াপাল্টা হয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, বিএনপির অগ্নি সন্ত্রাস আবারও শুরু হয়েছে। ২০১৩-১৪ সালের মতো নির্মম, নৃশংস ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়েছে। এই অবস্থায় বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী বাহিনী, আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চুপ করে থাকতে পারে না। আমাদের দায়িত্ব আমরা পালন করবো।
বিএনপি তাদের ওপর হামলা হওয়ার দাবি করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা বলে- তাদের ওপর হামলা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। তারা বলেছে- ঢাকার শহরে ঢোকার রাস্তা বন্ধ করে দিবে। এটা কী তারেক রহমানের বাপ-দাদার সম্পত্তি! লন্ডন থেকে আদেশ দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্চে, এটা কোন রাজনীতি!
ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্য তিনি বলেন, যেসব বিদেশি বন্ধুরা আমাদের পরামর্শ দেন, তাদেরকে বলছি- সুষ্ঠ নির্বাচন করতে আমরা ওয়াদাবদ্ধ। কিন্তু সুষ্ঠু, অবাধ নির্বাচনের প্রধান বাধা.. প্রথমে দেখা গেলো আজকে সেই বিএনপি, যাদের বিরুদ্ধে বিদেশি বন্ধুদের বলেছিলাম- সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা বিএনপি, সেটি আজ প্রমাণিত হলো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, মো. ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম প্রমুখ।
