দুই মাসের জন্য গ্রিনকার্ডে নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে অভিবাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে যারা স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ডের আবেদন করেছেন, তাদের ওপরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিবাসন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ৬০ দিনের জন্য কার্যকর হবে এবং যারা স্থায়ীভাবে অভিবাসনের জন্য আবেদন করেছেন শুধু তাদের ক্ষেত্রে বলবৎ হবে।
ট্রাম্প বলেন, এই পদক্ষেপ নেওয়ার ফলে করোনা ভাইরাস মহামারিতে তৈরি হওয়া সঙ্কটে আমেরিকান নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত থাকবে।
অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে কর্মরত থাকা ব্যক্তিদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।
সমালোচকদের মতে, ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠায় এখন অন্যদিকে মনোযোগ সরিয়ে নিতে চাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ এ প্রায় ৪৫ হাজার মানুষ মারা গেছেন। হোয়াইট হাউজে করোনা ভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিং এর সময় ট্রাম্প জানান, নতুন সিদ্ধান্তের নির্বাহী আদেশ বুধবারে স্বাক্ষর করা হতে পারে এবং মার্কিন অর্থনীতির গতিবিধির হিসেবে এই নিষেধাজ্ঞা বেশ দীর্ঘায়িত হতে পারে।
সোমবার রাতে সব ধরনের অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করলেও পরে কয়েকজন ব্যবসায়ী নেতার সমালোচনার শিকার হয়ে খামারের শ্রমিক, হাই টেক কারখানার কর্মীদের মত কিছু বিশেষ খাতের অভিবাসী শ্রমিকদের নিষেধাজ্ঞার বাইরে রাখেন ট্রাম্প। বিবিসি
