ব্রেকিং নিউজঃ

সোজা পথে না আসলে গণঅভ্যুত্থানে পতন: মোশাররফ

‘দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামীতে নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন হতে হবে।

এটা আজকে বিশ্বও বলছে। সরকার যদি সোজা পথে না আসে তবে অতীতের মতো গণঅভ্যুত্থানে তাদের পতন ঘটবে।’

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকারের লোকেরা সিন্ডিকেট করে বিদেশে টাকা পাচার করে প্রাসাদ বানাচ্ছে। তারা সবকিছুতেই সিন্ডিকেট করছে।

আজকে বিদেশি গবেষণা সংস্থা বলছে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। দেশে আইনের শাসন নেই, সুশাসন নেই, মানবাধিকার নেই। যে কারণে আমেরিকা র‌্যাব ও কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

সুতরাং দেশে স্থিতিশীলতা বজায় রাখতে গায়ের জোরের সরকারকে হটানোর কোনো বিকল্প নেই। সেজন্য সুষ্ঠু নির্বাচন দরকার। কোনোমতেই এই সরকারের অধীনে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে না।’

তিনি বলেন, ‘এই সরকারের অধীনে ভোট হলে কী হবে তা সবারই জানা। তারা আবারো ইভিএমে ভোট নিতে চেয়েছিল। কিন্তু আমাদের আন্দোলন ও জনগণের দাবির মুখে নির্বাচন কমিশন ইভিএম বাতিল করতে বাধ্য হয়েছে।’

খন্দকার মোশাররফ বলেন, ‘বর্তমান সরকারের আমলে কারো নিরাপত্তা নেই। তারা ৭২ থেকে ৭৫ সালে রক্ষী বাহিনী করে হাজার হাজার তরুণ ও মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। ঠিক একইভাবে বর্তমান সরকার দেশের মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।’

জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার আ স ম মেজবাহউদ্দিন, ডা. আওলাদ হোসেন শিল্পী, যুব জাগপার সভাপতি মীর আমীর হোসেন আমু প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930