জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার বিএনপি নেতাকর্মীদের কারান্তরীণ করছে: মিজা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ব্যর্থতার এক বিশাল স্তূপের ওপর বসে আছে। রাষ্ট্রীয় অর্থনীতি লোপাটে দেশে এখন চলছে ভয়ঙ্কর এক নৈরাজ্যকর পরিস্থিতি।
তিনি বলেন, দেশে জ্বালানি এখন চরম সংকটাপন্ন। ডলারের নজিরবিহীন দাম বৃদ্ধিতে দেশের ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়েছে। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
অসহনীয় লোডশেডিংয়ের কারণে শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষ সীমাহীন কষ্টে নিপতিত হয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই বিএনপি নেতাকর্মীদেরকে সরকার অসত্য ও বানোয়াট মামলা দিয়ে কারান্তরীণ করছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি নেতা বাবুল হোসেন, শিমুল সরকার, শামীম সরকার, মুকুল হোসেন, হেলাল উদ্দিন রিয়াল এবং জাহাঙ্গীর আলমের নামে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি দাবি করেন, গত ২২ জুলাই একটি বক্তব্যকে বিকৃত করে মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
ফখরুল আরও বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সব অস্ত্র এখন বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলায় দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার।
নিজেদের ক্ষমতাকে কন্টকমুক্ত করার জন্য বিরোধী দলের অস্তিত্বকে দেশ থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে সব শক্তি নিয়োগ করেছে তারা।
বিএনপি নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচল করার অধিকারও কেড়ে নিয়েছে। রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপি নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা সরকারের ধারাবাহিক অমানবিক নিপীড়ন-নির্যাতনেরই বর্ধিত প্রকাশ।’
