প্রধানমন্ত্রীকে মহিউদ্দিন রনির স্মারকলিপি
রেলের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনরত মহিউদ্দিন রনি ২০তম দিনে এসে তার ৬ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তিনি।
সোমবার বিকাল ৪টার দিকে তিনি তার সহযোগীদের নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে যান। স্মারকলিপি গ্রহণ করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
মহিউদ্দিন রনি বলেন, আমার যতটুকু সুযোগ ছিল আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজ সুযোগ হয়েছে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার, সেটি দিলাম। নিশ্চয়ই প্রধানমন্ত্রী একটা আশ্বাস দেবেন। রেলের অব্যবস্থাপনা নিয়ে আমার এবং সারা দেশের মানুষের যে ছয় দফা দাবি সেটি যেন অবিলম্বে বাস্তবায়ন হয়। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি পড়লে এই ছয় দফা দাবি বাস্তবায়ন হবে।
রেলওয়েতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনকারী মহিউদ্দিন রনির দাবিগুলো হচ্ছে-টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ ডটকমের যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা এবং হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা; যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করা; অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে, সেই সঙ্গে অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা; যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা; ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বৃদ্ধি করা এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।
