যুক্তরাষ্ট্র সফরে গেলেন ইউক্রেনের ফার্স্ট লেডি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির স্ত্রী ও ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনেস্কা যুক্তরাষ্ট্র সফরে গেছেন।
তিনি দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি এবং দাতব্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে গেছেন।
অবশ্য ইউক্রেন সরকারের কোনো প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাননি ওলেনা জেলেনেস্কা।
গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের ফার্স্ট লেডি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, মঙ্গলবার মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা।
এরপর বুধবার ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের সামনে বক্তব্য রাখার কথা রয়েছে ফার্স্ট লেডি ওলেনার।
জিল বাইডেন গত মে মাসে ইউক্রেনে গিয়েছিলেন। তখন দুই ফাস্ট লেডি সাক্ষাৎ করেছিলেন।
এদিকে রাশিয়া যখন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে তখন দুই সন্তানকে নিয়ে গোপন স্থানে চলে গিয়েছিলেন ওলেনা জেলেনেস্কা। তিনি জানিয়েছিলেন, সন্তানদের নিরাপত্তার কথা ভেবেই তিনি আড়ালে যেতে বাধ্য হয়েছিলেন।
সূত্র: বিবিসি, ভয়েস অব আমেরিকা
