ব্রেকিং নিউজঃ

যে বয়সীরা করোনায় আক্রান্ত হচ্ছেন বেশি

দিনের পর দিন দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আজ দেশে একদিনেই ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে ২৬৬ জন, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩৮ জনে। তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সীরাই বেশি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান তিনি।

সেব্রিনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৬৬ জন, যা সাকুল্যে এই পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জন। বয়স বিভাজনে দেখা যায় সর্বোচ্চ সংক্রমিত ব্যক্তির বয়সসীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে, শতকরা ২১ ভাগ। এর পরবর্তীতে রয়েছে ৩১ থেকে ৪০ বছর বয়স, শতকরা ১৯ ভাগের মতো এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, শতকরা ১৫ ভাগের মতো। মোটামুটি আমরা দেখতে পাই ২১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।’

আইইডিসিআর পরিচালক আরও বলেন, ‘নারী-পুরুষ বিভাজনে দেখা যায় শতকরা ৬৮ ভাগ পুরুষ। আর নারী ৩২ ভাগ। জায়গার বিশ্লেষণে দেখা যায় শতকরা ৪৬ ভাগ ঢাকা শহরের। এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ, শতকরা ২০ ভাগ। এর পরে নতুন করে আমরা অনেক রোগী দেখতে পাচ্ছি গাজীপুরে। এর পরবর্তীতে চট্টগ্রাম, মুন্সীগঞ্জে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’

ঢাকা শহরের এলাকাভিত্তিক সংক্রমণের তথ্য জানিয়ে ডা. সেব্রিনা বলেন, ‘ঢাকা শহরের মধ্যে আক্রান্ত বা সংক্রমণের সংখ্যা বিশ্লেষণ করে দেখেছি, বড়ভাবে যদি বলি তাহলে সেটা মিরপুরে সবচেয়ে বেশি। আমরা দেখেছিলাম টোলারবাগে সংক্রমণ বেশি ছিল। এখন মিরপুরের বিভিন্ন অঞ্চল এবং টোলারবাগের এই পুরোটা এরিয়া ধরে আমরা যদি বলি, এটা শতকরা প্রায় ১১ ভাগ। এরপরেই রয়েছে মোহাম্মদপুর এলাকা, যেখানে শতকরা ৪ ভাগ পেয়েছি। ওয়ারী, যাত্রাবাড়ী এ সমস্ত এলাকায় শতকরা ৪ ভাগের মতো সংক্রমিত ব্যক্তি পেয়েছি। এর পরে আছে উত্তরা, শতকরা ৩ ভাগ এবং ধানমণ্ডিতে শতকরা ৩ ভাগ।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930