ব্রেকিং নিউজঃ

গভর্নরদের সাথে ঠুক-ঠাক লেগেই আছে ট্রাম্পের

বহুদিন আগেই ইতালিকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে ট্রাম্পের দেশ।কোভিড-১৯ ২৩ হাজারের ওপরে মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। বেতন পাচ্ছেন না লাখ লাখ মানুষ। তারমধ্যেও স্বমেজাজে দাপিয়ে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি ফের আক্রমণ করেছেন সংবাদমাধ্যমকে। তার অভিযোগ, করোনা-সঙ্কটের মধ্যে তার প্রশাসন পুরোপুরি ঠিক কাজ করছে। অথচ সংবাদমাধ্যম তাকে কৃতিত্ব দেয়ার প্রয়োজনই বোধ করছে না।

শুধু তাই নয়, প্রচারধর্মী একটি ভিডিও দেখিয়ে ট্রাম্প মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টাও করেছেন। গোড়ার দিকে তিনি সংক্রমণে একেবারেই গুরুত্ব দেননি। উল্টে বলেছিলেন, কোনও ‘মিরাকল’ ঘটবে, ভাইরাসও সরে যাবে। অথচ এবার তিনি নিজের বলা সেই কথাই প্রকাশ্যে উড়িয়ে দিতে নিজের উপদেষ্টা এবং মহামারি-বিশেষজ্ঞ অ্যান্টনি ফউসিকে ব্যবহার করেছেন। ভাবটা এমন, আগের কথাগুলো তিনি বলেনইনি।

পাশাপাশি ট্রাম্প দাবি করেছেন, তার দেশের অর্থনীতি সময়ের আগেই ঘুরে দাঁড়াবে। কিন্তু কীভাবে, তার ব্যাখ্যা দেননি প্রেসিডেন্ট।

আমেরিকার বিভিন্ন প্রদেশে এখন সংক্রমণের হার ক্রমশ বাড়ছে অথবা শীর্ষ ছোঁয়ার অপেক্ষায়— অথচ প্রেসিডেন্টের হুঁশিয়ারি, প্রাদেশিক গভর্নররা স্কুল, রেস্তরাঁ, দোকান বন্ধ করে রাখলেও অর্থনীতিকে সচল করতে সেগুলো খুলে দিতে বাধ্য করতে পারেন তিনি। কিন্তু আমেরিকার যা অবস্থা, তাতে মানুষ যদি বাইরে বেরোতে ভরসা না পান, তা হলে তাদের কীভাবে বোঝাবেন প্রেসিডেন্ট? তারও কোনও ব্যাখ্যা নেই ট্রাম্পের কাছে।

প্রেসিডেন্টের সঙ্গে সহমত নন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। তিনি বলেছেন, ‘রাজা ট্রাম্পের’ নির্দেশ মানবেন না তিনি। করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউ ইয়র্কে এখন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার পেরিয়ে গেছে। তবে না-ছোড় ট্রাম্প টুইটে কুয়োমোর উদ্দেশে লিখেছেন, উনি মনে হয় স্বাধীনতা চাইছেন। সেটা হবে না।

শুধু কুয়োমো নন, গভর্নরদের বেশিরভাগই বলেছেন, তারা তথ্য, বিজ্ঞান, জনস্বাস্থ্য-বিশেষজ্ঞদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন। কোনও রাজনীতি দ্বারা চালিত হবেন না।

চীনে বিদেশিদের থেকে সংক্রমণ ফের ছড়ানোর আশঙ্কা তৈরি হওয়ায় দেশের রুশ সীমান্ত দিয়ে যারা বেআইনিভাবে ঢোকার চেষ্টা করছে, তাদের আটক করার কথা ভেবেছে প্রশাসন। এই কাজে সাহায্য করলে মিলবে ৭০০ ডলার পুরস্কার। সোমবার (১৩ এপ্রিল) এখানে মৃত্যুর খবর মেলেনি।

কিছুটা স্বস্তি ইরানে। এক মাসের মধ্যে এই প্রথম মৃতের সংখ্যা ১০০-র নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৯৮ জন। এবার এই প্রবণতা বজায় থাকবে বলে আশা রাখছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিউবা দ্বিতীয় বারের জন্য ইতালিতে চিকিৎসক দল পাঠিয়েছে। এই আগমনকে ‘সুখবর’ বলে টুইট করেছেন ইতালির বিদেশমন্ত্রী লুইগি দি মাইয়ো। আনন্দবাজার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930