মহারাষ্ট্রের গভীর জঙ্গলে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের চার সদস্য।
শনিবার (১৩ নভেম্বর) রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটারের বেশি দূরের গাদচিরোলি জেলায় বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটে।
গাদচিরোলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেছেন, আমরা জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি।
নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে শীর্ষ এক মাওবাদী নেতা রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
গাদচিরোলি জেলার সঙ্গে মাওবাদী বিদ্রোহী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যের সীমান্ত রয়েছে।
