করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮২
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন শনাক্ত হয়েছেন। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। নিজের বাসা থেকে যুক্ত হন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। দেশে মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের। এসময়ের মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ১৮২। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮০৩। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬২৩টি। আর চিকিৎসা নিয়ে আর ৩ জনসহ মোট ৪২ জন সুস্থ হয়েছেন।
