ব্রেকিং নিউজঃ

ত্রাণের চাল চুরির মহোৎসব চলছে : রিজভী

করোনাভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে তা মোটেও পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে ত্রাণের চাল চুরির মহোৎসব চলছে।

এমতাবস্থায় অবিলম্বে ত্রাণের চাল বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দ্রুততার সঙ্গে পরিচালনার দাবি বিএনপির। সেই সঙ্গে রাজনীতি ও ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি। রোববার দলীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মরণঘাতী করোনাভাইরাস যখন প্রতিটি রাষ্ট্র ও সমাজকে থমকে দিয়েছে তখন বাংলাদেশে চলছে দরিদ্র মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়ার মচ্ছব। দুই সপ্তাহ ধরে পত্রিকার পাতা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাল চুরির খবর প্রকাশিত হলেও এ পর্যন্ত কারো দৃষ্টান্তমূলক শাস্তির খবর আমরা পাইনি।

যার কারণে এ লুটেরা গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, জাতির এই ক্রান্তিকালে যারা গরীবের হক মেরে খায় তারা দেশের শত্রু, মানবতার শত্রু। দেশে করোনা রোগী যত না শনাক্ত হচ্ছে তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ছে।

তিনি বলেন, দেশে বিদ্যুতের এত উন্নয়নের কথা বলা হলেও এ করোনাদুর্যোগে বিদ্যুতের অভাবে করোনার কীট উৎপাদন করতে পারছে না গণস্বাস্থ্য কেন্দ্র।

রিজভী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বাংলাদেশে। আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে আশংকাজনকভাবে। লকডাউনের কারণে সমগ্র দেশে কয়েক কোটি হতদরিদ্র এবং বেকার মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। করোনার বিস্তার রোধে সবাই ঘরবন্দি হয়ে থাকায় দিনমজুর, ক্ষুদ্র কৃষক, শ্রমিকসহ গরিব মানুষের একটি বড় অংশ কর্মহীন।

তাদের এ কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে চাল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু এতো বড় মহামারির মধ্যেও ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজরা ত্রাণ ও স্বল্পমূল্যের চাল আত্মসাৎ করছে।

সরকারি হিসাবে দেশের খাদ্য গুদামগুলোতে ১৭.৫১ লাখ টন চাল মজুদ আছে। এই পরিমাণ চাল দিয়ে ৩/৪ কোটি মানুষকে ছয় মাস অনায়াসে খাওয়ানো সম্ভব। অথচ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

ক্ষুধার জ্বালায় রাস্তায় পড়ে থাকছে। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় একটি হৃদয়বিদারক মর্মস্পর্শী ঘটনায় সবাই নির্বাক হয়ে গেছে, সেখানে আফরোজা খাতুন নামে এক শিশু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

রিজভী জানান, আমরা দলীয়ভাবেও সারাদেশে সাধ্যমতো জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটাই আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। বিএনপি এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তাদের সাধ্যমতো জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে।

পাশাপাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মতো পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও বসে নেই। শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের উদ্যোগে শুক্রবার থেকে দেশের ৮৪টি বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজ হাসপাতালের ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরকে জন্য পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ কর্মসূচি শুরু করেছে। সাধ্যমতো এ কর্মসূচি অব্যাহত থাকবে।

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে করোনাভাইরাসটির ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করতে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন রিজভী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031