ফেরিতে যাত্রী পারাপার বন্ধ, চলবে না লঞ্চ-স্পিডবোট
দেশে ফের করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত সাত জেলায় কঠোর লকডাউন দেয়া হয়েছে। এসময়ে ওইসব জেলায় কোনো গণপরিবহন চলবে না।বন্ধ থাকবে লঞ্চসহ সকল যাত্রীবাহী নৌযান চলাচল।
জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী। সোমবার (২১ জুন) সচিবালয়ে লকডাউনের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লকডাউন ঘোষিত জেলাগুলোতে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্তের কথা জানায়।
বিআইডব্লিউটিএ জানায়, সাত জেলায় যাত্রীবাহী সকল নৌযান বন্ধ থাকবে।আরিচা, পাটুরিয়া ও মাওয়ায় চলবে না লঞ্চ-স্পিডবোট। ফেরিতে কেবল পণ্যবাহী যানবাহন পারাপার হতে পারবে।
এর আগে এই ৭ জেলায় কী কী বন্ধ থাকবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বিকেলে বলেন, সরকারি-বেসরকারি অফিসসহ সবকিছু বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলাগুলো ব্লকড থাকবে, কেউ ঢুকতে পারবে না।’
করোনার সংক্রমণ রোধে রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসনের জারি করা লকডাউন আগে থেকেই চলছে।
