টিআইবির কঠোর জবাব স্বাস্থ্যমন্ত্রীকে
“ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি) রিপোর্টটি আগাগোড়াই ভুল তথ্যসংবলিত” এবং “শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে টিআইবি মনগড়া সমালোচনা করেছে” বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি সোমবার (১৪ জুন) টিআইবির গবেষণাটি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে টিআইবি নিম্নলিখিত বক্তব্য উপস্থাপন করছে।
টিআইবি পক্ষ থেকে বলা হয়েছে, এই গবেষণা সম্পন্ন করার জন্য টিআইবি সামাজিক বিজ্ঞানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা পদ্ধতি অনুসরণ করে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় উৎস থেকে তথ্য সংগ্রহ করেছে এবং প্রতিটি তথ্যের সত্যতা একাধিক সূত্র থেকে যাচাই করেছে।
গবেষণায় প্রত্যক্ষ উৎস হিসেবে সারা দেশের ৮টি বিভাগের ৪৩টি জেলা, এবং প্রতিটি জেলা থেকে দ্বৈবচয়িতভাবে এক বা একাধিক (মোট ৫৯টি) টিকা কেন্দ্র নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত কেন্দ্রগুলো হতে দৈবচয়নের ভিত্তিতে ৩০ থেকে ৩৫ জন টিকাগ্রহীতার ‘এক্সিট পোল’ সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে সর্বমোট ১ হাজার ৩ শত ৮৭ জন টিকাগ্রহীতার অভিজ্ঞতা তুলে আনা হয়েছে।
এছাড়া, যে ৫৯টি টিকা কেন্দ্র নির্বাচন করা হয়েছে সেসব কেন্দ্রের টিকা ব্যবস্থাপনা কার্যক্রম সরাসরি/প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে তুলে আনা হয়। টিকা প্রদানের প্রথম ধাপে অগ্রাধিকারের ভিত্তিতে যে ২১ ধরনের পেশা/জনগোষ্ঠীকে টিকা প্রদানের জন্য পরিকল্পনা করা হয়, সেই তালিকা হতে দৈবচয়নের ভিত্তিতে সারা দেশের জেলা/উপজেলা পর্যায়ে ১২ ধরনের অগ্রাধিকারপ্রাপ্ত মোট ৩ শত ১৭টি প্রতিষ্ঠান/দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের টিকা গ্রহণ বিষয়ক তথ্য সংগ্রহ করা হয়েছে। এ গবেষণায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য অধিদপ্তর ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, টিকা প্রদানে অগ্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে।
