ব্রেকিং নিউজঃ

ঢাবি ছাত্রের মৃত্যুর কারণ হতে পারে এলএসডি : পুলিশ

ডাব বিক্রেতার দা দিয়ে নিজ গলায় আঘাত করে হাফিজুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা তদন্ত করতে গিয়ে দেশে প্রথমবারের মতো এলএসডি মাদকের (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ জানায়, ভয়ঙ্কর মাদক এলএসডি সেবনে হ্যালুসিনেশন হয়। ঢাকার বেশ কয়েকজন তরুণ গাঁজা পাতার নির্যাস দিয়ে কেক তৈরি করে অনলাইনে বিক্রি করছে। তাদের সবাই বিশ্ববিদ্যালয় পড়ুয়া। তারা ফেসবুক গ্রুপের মাধ্যমে মারাত্মক মাদক এলএসডি এবং গাঁজার তৈরি কেক বিক্রি করছে।

আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, গতকাল বুধবার (২৬ মে) বাংলাদেশে প্রথম আমরা এলএসডি উদ্ধার করেছি। এ ঘটনায় তিন তরুণকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে গাঁজার কেক তৈরি ও বিক্রির তথ্য পাওয়া যায়। তবে এই কেক উদ্ধার করা যায়নি।

ডিবি জানতে পারে, ‘বেটার ব্রাওরি অ্যান্ড বেয়ন্ড’ নামে একটি ফেসবুক গ্রুপ খুলে সেখানে গাঁজা পাতার নির্যাস দিয়ে কেক বানিয়ে মাদক হিসেবে বিক্রি করতো। এই গ্রুপে প্রায় এক হাজার সদস্য।

এদিকে, ডিবির অভিযানে গ্রেফতার তিনজনের কাছ থেকে নতুন মাদক এলএসডির ২০০টি ব্লট উদ্ধার করা হয়। প্রতিটি ব্লটের মূল্য ৩-৪ হাজার টাকা।

গ্রেফতার তিনজন হচ্ছেন- সাদমান সাকিব ওরফে রুপল, আসহাব ওয়াদুদ ওরফে তুর্য, আদিন আশরাফ। তাদের বয়স ২২-২৫ বছরের মধ্যে। সাদমান সাকিবকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, সাদমান সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর বহিষ্কৃত ছাত্র। বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ (শেষবর্ষ) পড়াশোনা করছেন। তিনিই মূলত বছরখানেক আগে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে নেদারল্যান্ডস থেকে এই মাদক অর্ডার করেন। মাদকের জন্য তারা পে-পালে টাকা পরিশোধ করলে পার্সেলের মাধ্যমে এই মাদক আসে। প্রতিটি ব্লট তারা ৮০০-১০০০ টাকায় কিনেছিলেন।

সাদমান ডিবির কাছে দাবি করেন, তাকে ঢাবি থেকে বহিষ্কার করা হয়নি। সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হওয়ায় তিনি ঢাবি ছেড়ে দিয়েছিলেন। ‘আপনার আব্বা’ নামে একটি ফেসবুক গ্রুপ খুলে সাদমানসহ তাদের তিন বন্ধু সেখান থেকে এলএসডি বিক্রি করতো।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, উদ্ধার এলএসডিগুলো দেখতে স্ট্যাম্পের মতো। এগুলো যে মাদক তা দেখে বোঝার উপায় নেই। এলএসডি সেবকরা ঠোঁটের নিচে এলএসডি রেখে দিত। এলএসডি নতুন, ব্যয়বহুল এবং অতিরিক্ত ক্ষতিকারক মাদক (ব্যাড ড্রাগ)।

আসামিদের জিজ্ঞাসাবাদ ও এলএসডির ইতিহাস ঘেঁটে ডিবি জানতে পারে, এটি ব্যবহার করলে যে কারও মাথা ভার হয়ে যাবে। হেলোজেনিক প্রতিক্রিয়া দেখা দেবে। কেউ যদি গান শোনেন, তার সামনে গানের মিউজিকগুলো বিভিন্ন রঙের মতো ঘুরতে থাকে। সেবনকারী অত্যন্ত হিংসাত্মক ও আক্রমণাত্মক আচরণ করে। একটি এলএসডি ব্লট সেবন করলে ৮-১২ ঘণ্টা পর্যন্ত এর প্রতিক্রিয়া থাকে। অতিরিক্ত সেবনে ২০ ঘণ্টা পর্যন্ত প্রতিক্রিয়া হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, এটি সেবন করে সেবনকারী নিজেকে অনেক শক্তিশালী ভাবেন। সেবনকারী চিন্তা করেন তিনি উড়তেও পারবেন। তার অতীত স্মৃতি চলে আসে। অনেকে বলেছে, এটি সেবনের পর তারা মনে করে যে তারা ট্রেনেও ধাক্কা দিতে পারবে।

তিনি বলেন, যারা নেদারল্যান্ডস থেকে এই মাদকটি বাংলাদেশে পাঠিয়েছে, তাদের শনাক্তের জন্য পুলিশ সদরদফতরের এনসিবি বিভাগে চিঠি দিয়ে খোঁজ নিতে বলা হবে।

এছাড়া ডিবি বলছে, সম্প্রতি হাফিজুর রহমান নামে ঢাবি শিক্ষার্থী ‘মৃত্যু’র ঘটনায় ডিবি তদন্ত শুরু করে। হাফিজের বন্ধুরা বলছে, হাফিজ একটি নতুন ও অদ্ভুত মাদকে আসক্ত ছিল। এরপরই এলএসডির বিষয়ে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ বলেন, ‘আমরা আত্মহত্যা করা হাফিজুরের মরদেহের ভিসেরা রিপোর্ট পাওয়ার পর বলতে পারবো, তিনি এলএসডিতে আসক্ত ছিল কি-না?’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930