ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পশ্চিমবঙ্গে ৩ লাখ বাড়ি বিধ্বস্ত, কোটি মানুষ ক্ষতিগ্রস্ত
অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝড়, জলোচ্ছ্বাস ও প্লাবনের শিকার হয়ে পশ্চিমবঙ্গে অন্তত এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।বিধ্বস্ত হয়েছে তিন লক্ষাধিক বাড়িঘর।
বুধবার (২৬ মে) ইয়াসের ক্ষতির প্রাথমিক হিসাব দিয়ে এ তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ঘূর্ণিঝড়ের কারণে শুরু হওয়া জলোচ্ছ্বাস অব্যাহত থাকবে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যে পরিণত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। মাছ ধরতে যাওয়ায় ‘দুর্ঘটনাবশত’ একজনের মৃত্যু হয়েছে।
ইয়াসের বিপর্যয় মোকাবিলায় সব প্রস্তুতি দেখভালে মঙ্গলবার নবান্নের কন্ট্রোল রুমে রাত কাটান মমতা। তিনি বলেন, ইয়াসের আঘাত থেকে বাঁচাতে ঝড়টি আঘাত হানার আগেই ঝুঁকিতে থাকা রাজ্যের ১৫ লাখ ৪ হাজার ৫০৬ জন মানুষকে নিরাপদে সরানো হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি শিগগিরই ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা ও উত্তর চব্বিশ পরগণা জেলায় সফর করব। চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব করতে আমরা মাঠ পর্যায়ে জরিপ চালাব।’
মমতা আরও বলেন, ‘এখন সরকারের হাতে ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব এসেছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাই প্রাথমিকভাবে আমাদেরকে এই হিসাব জানিয়েছেন। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পেতে অন্তত ৭২ ঘণ্টা (তিন দিন) সময় লাগবে।’
