ব্রেকিং নিউজঃ

করোনা তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কারণ নেই: ওবায়দুল কাদের

করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৮ মে) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

যারা সমালোচনার খাতিরে শুধু সমালোচনায় লিপ্ত তাদের স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের জানতে চান, করোনা মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনাই যদি থাকতো তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬শ’ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে আসলো কী করে?’

স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোনও কারণ নেই।’

বিএনপি মহাসচিবের লকডাউনের আগে কঠোর লকডাউন দেওয়ার দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করলো, তখন তারা কৌশলে এর বিরোধিতা করলো।

বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যাকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিল তাও ব্যর্থ হয় বলে জানান ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব এখন শার্টডাউন, ক্র্যাকডাউনসহ নানা পরিভাষা ব্যবহার করছে, অথচ যখন মানুষের জীবন-জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্য ইকোনোমিস্ট, যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে; বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন এবং দলগতভাবে আওয়ামী লীগও জনগণের আস্থা অর্জন করেছে উল্লেখ করে কাদের বলেন, জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে এগিয়ে যাচ্ছে সম্মুখপানে।

বিদেশে সরকারের কোনও প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু এমন মন্তব্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তাঁর কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

ওবায়দুল কাদের আরও জানান, শেখ হাসিনা সরকার পরিচালনায় হাওয়া ভবনের মতো কোনও বিকল্প ক্ষমতা কেন্দ্রের অস্তিত্ব নেই। তিনি বলেন, জনগণের সরকার জনগণের কল্যাণেই কাজ করছে।

 

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930