জ্বর-সর্দি নিয়ে রংপুরে ভর্তি হয়েছে চীন ফেরত শিক্ষার্থী
তিন দিন আগে চীন থেকে দেশে ফেরা এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ১২ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে ওই শিক্ষার্থীকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
অসুস্থ ওই শিক্ষার্থীর নাম তৌফিক (২০)। তিনি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আব্দুল কাদেরের ছেলে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. নারায়ণ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন দিন আগে শিক্ষার্থী তৌফিক চীন থেকে দেশে ফিরে বাসায় যান। মঙ্গলবার থেকে তিনি হঠাৎ করে জ্বর, সর্দি ও বুকে ব্যাথায় আক্রান্ত হন। পরে আজ দুপুর থেকে অসুস্থতা বাড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সরাসরি করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
ডা. নারায়ণ চন্দ্র জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীর রক্ত-লালা সহ আরো কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
