ব্রেকিং নিউজঃ

মেট্রোরেলের নির্মাণকাজের অগ্রগতির কথা জানালেন ওবায়দুল কাদের

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১.৪৯ শতাংশ  বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩.৫২ শতাংশ হয়েছে।

বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংকালে মেট্রোরেল নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতির কথা জানান তিনি

ওবায়দুল কাদের জানান, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫২.২২ শতাংশ ।

প্রথম উড়াল মেট্রোরেল ছয় কোচবিশিষ্ট ২৪ সেট মেট্রোট্রেনে মোট কোচের সংখ্যা ১৪৪টি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এর মধ্যে গতকাল ছয় কোচবিশিষ্ট প্রথম মেট্রোট্রেন সেট ঢাকার উত্তরার ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।

দ্বিতীয় মেট্রোট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে গতকাল সম্পন্ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আশা করা হচ্ছে আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি বাংলাদেশের মোংলাবন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছবে।

তৃতীয় ও চতুর্থ মেট্রোট্রেন সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১১ জুন এবং ১৩ আগস্ট তারিখের মধ্যে বাংলাদেশের মংলাবন্দর হয়ে উত্তরার ডিপোতে  পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন তিনি।

জাপান থেকে পঞ্চম ট্রেন সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১৬ জুলাই এবং বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ বলে জানান সেতুমন্ত্রী।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় ওবায়দুল কাদের গোপালগঞ্জ জোনের প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলকে কেন্দ্র করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা জানাতে আসা-যাওয়া করে, তাই জোনের অধীন সড়কগুলোকে সারাবছরই মেইনটেন এবং মনিটরিং আরও জোরদার করতে হবে।

বিআরটিএর সেবা কার্যক্রমে স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দ্রুত ড্রাইভিং লাইসেন্স কার্ড সংগ্রহ করে লাইসেন্স প্রদান করা এখন জরুরি।

তিনি বলেন, প্রয়োজনে ধাপে ধাপে কার্ডের সরবরাহ করতে হবে। মন্ত্রী গোপালগঞ্জ বিআরটিএতে অনিয়মের কথা উল্লেখ করে বলেন, এখানে দালাল চক্র সক্রিয়, কাজেই এসব অনিয়মের বৃত্ত ভাঙতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31