ব্রেকিং নিউজঃ

দেশকে নরকপুরীতে পরিণত করেছে সরকার : মির্জা ফখরুল

বাংলাদেশের মানুষ এখন এক অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের নিকট জবাবদিহিতাহীন সরকারের প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ সর্বদা আতঙ্কিত।’

আজ বুধবার দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আওয়ামী সরকার দেশকে নরকপুরীতে পরিণত করেছে। ভোটারবিহীন সরকার দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গ্রেফতার করছে। এই পবিত্র মাহে রমজানেও আওয়ামী সরকারের দানবীয় মূর্তি যেন আরও বিকট আকার ধারণ করেছে।’

তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপির কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান ও বিএনপি কর্মী তারেক সরকার ডালিমকে গ্রেফতারসহ দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে পবিত্র মাহে রমজান মাসে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশি গ্রেফতার অভিযান ও জুলুম-নির্যাতনের ঘটনা সরকারের দানবীয় মূর্তিরই নগ্ন বহিঃপ্রকাশ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘করোনা মহামারিতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধীদলের ওপর গণবিরোধী সরকারের জুলুম-নির্যাতনের মাত্রার কোনো কমতি নেই, বরং তা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।’

আওয়ামী সরকারের দুঃশাসন থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দেশপ্রেমিক জনগণসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী বিএনপি নেতাকর্মীর ওপর চলমান জুলুম-নির্যাতন ও গ্রেফতারি অভিযান বন্ধসহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপির কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান ও বিএনপি কর্মী তারেক সরকার ডালিমের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31