খালেদা জিয়া এখন কেমন আছেন
করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।তারা বলেছেন, এখন পর্যন্ত তিনি ভালো আছেন। তার শরীরে জ্বর নেই। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাসও নিতে পারছেন।
সোমবার (১৯ এপ্রিল) খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা রোববার রাতে যেমন ছিল, এখন তেমনই আছে। অর্থাৎ তার অবস্থা স্থিতিশীল। তার শরীরে আজ করোনার কোনো লক্ষণ নেই।’
খালেদা জিয়া মানসিকভাবে শক্ত আছেন উল্লেখ করে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘আমরা তাকে শ্বাস-প্রশ্বাস ব্যায়ামের পরামর্শ দিয়েছি। তার ব্লাড সুগারসহ অন্যান্য যেসব প্যারামিটার রয়েছে সেগুলো ঠিক আছে। খালেদা জিয়ার কাশি নেই, গলা ব্যথা নেই।’
প্রতিনিয়ত তার পরিবারের সবাই খোঁজ-খবর নিচ্ছেন। সার্বক্ষণিক তারা (তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান) যোগাযোগ রাখছেন। তিনি আমাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন, যোগ করেন ডা. সিদ্দিকী।
