কাতারের সহযোগিতা চাইল ইরান!
কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান বিন জাসিম আল থানি গতকাল সোমবার ইরান সফরে গেছেন। এদিন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।
এ সময় জাওয়াদ জারিফ বলেন, সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো দরকার। এ জন্য এই অঞ্চলের আরব দেশগুলোকে এগিয়ে আসতে হবে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে জোরজবরদস্তি ও বলপ্রয়োগের দিন শেষ।
ইরানের পররাষ্ট্রনীতিতে এর কোনো স্থান নেই। কাতার-ইরান সম্পর্কের বিষয়ে জাওয়াদ জারিফ বলেন, সব ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা আরো শক্তিশালী করতে প্রস্তুত রয়েছে ইরান।
এটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা আরো বাড়াতে দোহা প্রস্তুত।
একইসঙ্গে গোটা মধ্যপ্রাচ্যে ব্যাপকভিত্তিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
এ ক্ষেত্রে কাতার মৌলিক ও কার্যকর ইতিবাচক ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে তিরি আরো বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের বিদ্যমান সমস্যাগুলো খুব শিগগিরই সমাধান হবে বলে আশা করে দোহা।
পার্সটুডে জানায়, কাতার ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
