আগামী ৩১ মার্চ রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বুধবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী প্রতিবেদনের জন্য নতুন এই তারিখ ধার্য করেন।
মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়।
এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।
