ইউপি নির্বাচন রোজার আগে না পরে ভাগ্য নির্ধারণ কমিশন সভায়
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার জন্য তিন সমীকরণের উপরে দাঁড়িয়ে আছে।
একটি নতুন ভোটারদের হালনাগাদ নাম তালিকাভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ-পুরনো ভোটারদের সঙ্গে তালিকা সমন্বয় করা, আগামী ১৪ এপ্রিল থেকে পবিত্র রমজান শুরু হওয়া এবং উপকূলীয় এলাকায় বর্ষা মৌসুমে নির্বাচন করার ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ বিরাজ করা।
তবে, দুই সমীকরণের কারণে নির্ধারিত মেয়াদে ইউপি নির্বাচন শুরু করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।
অন্যদিকে, বর্ষা মৌসুমের কারণে উপকূলীয় এলাকার নির্বাচনগুলো রমজানের আগে আরম্ভ করার চিন্তা রয়েছে ইসির। তবে, সব কিছু চূড়ান্ত হবে কমিশন সভায়।
এদিকে, ২২ মার্চের আগে প্রথম ধাপের নির্বাচন সম্পন্নের আইনি বাধ্যবাধকতা রয়েছে।
এক্ষেত্রে দৈব-দুর্বিপাক বিবেচনায় নির্বাচন পেছনের এখতিয়ারও আইনে নির্ধারণ করা আছে; কমিশন সেটাকে অনুসরণ করার কথা ভাবছে।
তবে কতদিন পেছনো যায় সেটা নিয়েও শলা-পরামর্শ করছে ইসির নীতি-নির্ধারকেরা বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানান।
সূত্রমতে, আগামী ২ মার্চ ভোটার তালিকা চূড়ান্ত হলে রমজানের আগে ইউপি নির্বাচন শুরু করা যায়।
সেক্ষেত্রে মার্চের প্রথম সপ্তাহে তফসিল দিয়ে ১২ এপ্রিলের আগে নির্বাচন সম্পন্ন করা। কারণ ১৪ এপ্রিল থেকে শুরু হতে পারে রমজান।
ইসি সূত্র জানিয়েছে, ২০১৬ সালের ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি নির্বাচন হয়েছিল। ইসির কর্মকর্তারা জানান, ভোটার তালিকা সমন্বয় ও রমজান মাসের কারণে নির্বাচনের সংখ্যা কিছুটা কমতে পারে।
গত ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫১৬টি ইউপির নির্বাচনের তালিকা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
এর সঙ্গে আরও কিছু যোগ-বিয়োগ হতে পারে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে, খুলনা, বাগেরহাট, বরিশাল, সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকা নির্বাচন অনুষ্ঠানে অগ্রাধিকার পাচ্ছে।
রমজান শেষ হতে হতেই বিরাজ করবে ভরা বর্ষা মৌসুম। উপকূলীয় এলাকাগুলোতে এ সময় পানিতে নিমজ্জিত থাকবে। তখন উপকূলীয় এলাকার নির্বাচন পরিচালনা-প্রচার-নির্বাচনী সামগ্রী আনা-নেওয়া রীতিমতো চ্যালেঞ্জ, যা শুধু প্রার্থীদের একক অসুবিধা না; ইসি-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও সমস্যা।
এদিকে, এবার ব্যালট পেপারের পাশাপাশি উপজেলার সদর ইউপিগুলোয় ইভিএম ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। গতবারের মতো দলীয় প্রতীকে ভোট হবে।
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, আমরা কমিশন সভায় বসবো।
সেখানে সিদ্ধান্ত নেয়া হবে রমজানের আগে না পরে নির্বাচন করা হবে। তিনি বলেন, ভোটার তালিকা, রমজান এর পাশাপাশি বর্ষা মৌসুমকে আমাদের আমলে নিতে হচ্ছে।
কারণ কিছু এলাকা আছে দূর্গম। এ তিনটিকে আমলে নিয়ে উপকূলীয় এলাকায় রমজানের আগে করা যায় কি না সে চিন্তা করচি।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, হালনাগাদ ভোটার তালিকা ও আগের ভোটার তালিকা (কমফাইল) একসঙ্গে করে যদি আমাদের হাতে সময় থাকে তবে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব।
ইউপি নির্বাচনের ক্ষেত্রে আমরা দুটি বিষয় দেখব। প্রথমত রমজান, দ্বিতীয়ত ভোটার তালিকা প্রস্তুত আছে কিনা।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে পরিষদের মেয়াদের বিষয়ে বলা হয়েছে, ‘কোন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, সংশ্লিষ্ট পরিষদের প্রথম সভা অনুষ্ঠানের তারিখ হতে পাঁচ বছর সময়ের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকবেন।
পরিষদের নির্বাচনের বিষয়ে বলা হয়েছে, ‘পরিষদ গঠনের জন্য কোন সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ হতে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।
আইনে উলেখ রয়েছে, ‘দৈব-দুর্বিপাকজনিত বা অন্যবধি কোন কারণে নির্ধারিত পাঁচ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে, সরকার লিখিত আদেশ দ্বারা, নির্বাচন না হওয়া পর্যন্ত কিংবা অনধিক ৯০ দিন পর্যন্ত, যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে।
উলেখ্য, বর্তমানে সারা দেশে ইউপি সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। এর মধ্যে ছয় ধাপে ভোট হয়েছে ৪ হাজার ৩২১টিতে এবং অন্যান্য সময়ে ভোট হয়েছে ১৬২টিতে।
২১ মার্চের মধ্যে নির্বাচনী সময় শেষ হবে ৭৫২ ইউপির, ৩০ মার্চ সময় শেষ হবে ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল সময় শেষ হবে ৬৮৫ ইউপির, ৬ মে সময় শেষ হবে ৭৪৩ ইউপির, ২৭ মে সময় শেষ হবে ৭৩৩ ইউপির এবং ৩ জুন শেষ হবে ৭২৪ ইউপির মেয়াদ।
