বঙ্গবন্ধুর নামে ইসলামী সাংস্কৃতিক প্রকল্পের নামকরণের দাবি
সৌদি আরব সরকারের অনুদানে নির্মিত ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক প্রকল্পের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার দাবি জানিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ আউয়াল বলেন, ইতোমধ্যে ১৭০ টি স্থাপনা নির্মাণ কার্যক্রম শেষ হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন এ ব্যাপারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে একটি বিশেষ উদযাপন কমিটি গঠনের কথা জানান এম এ আউয়াল।
তিনি বলেন, দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মাসুদ আহমদকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি করা হয়েছে।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে সাবেক এই এমপি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি ও রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এখনও অবলীলায় তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমরা জানি, নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত আছে। বিশেষতঃ উচ্চ আদালতে দলটিকে নিষিদ্ধের বিষয়টি এখন বিচারাধীন। ইসলামী গণতান্ত্রিক পার্টি অবিলম্বে এই বিচার প্রক্রিয়া শুরু করতে আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছে। দেশের মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধের এই দলটিকে নিষিদ্ধ দেখতে চায়। এই বিষয়টিতে ‘মীমাংসা’ দেখতে চায়।
সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা করেন এম এ আউয়াল।
এরমধ্যে বঙ্গবন্ধুর কবর জিয়ারত, আলোচনা সভা ও সেমিনার ইত্যাদি। এসময় করোনা ভাইরাসের টিকা উপহার দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানান এম এ আউয়াল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামি গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমদ, ওমর ফারুক, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মামুন পারভেজ, সুফিয়া রশিদ, ভাইস চেয়ারম্যান মাওলানা আনিসুর রহমান শেখ, জাকির হোসেন প্রমুখ।
