প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার মধ্যেই এ সঙ্কটের একমাত্র সমাধান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
রোববার (৭ পেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন তিনি।এসময় রোহিঙ্গা সঙ্কটে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।
একইসঙ্গে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম সাবেক তুর্কি প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতার্তুকের নামে রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
সাক্ষাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা দেখতে তুর্কি ফাস্ট লেডির কক্সবাজারের ক্যাম্প পরিদর্শনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সফর বিনিময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশে তুর্কি বিনিয়োগকারীদের বিনিয়োগ আগ্রহের কথা জেনে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া লেবানরের বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ মেরামত করে দেওয়ার জন্য তুর্কি সরকারকে ধন্যবাদ দেন তিনি।
রাষ্ট্রদূতের মাধ্যমে তুর্কি প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
