ঢাকার চারপাশে ১৩ সেতু পুনঃনির্মাণ করা হবে
বাবুবাজার এবং টঙ্গী রেল ব্রিজসহ ঢাকার চারপাশে নদ-নদীর উপর নির্মিত কম উচ্চতা সম্পন্ন ১৩টি ব্রিজ ভেঙে পুনঃনির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকার চারপাশে নদ-নদী, খালের উপর ১৩টি ব্রিজ চিহ্নিত করা হয়েছে যেগুলো স্বল্প উচ্চতা সম্পন্ন এবং নৌ চলাচলের অনুপোযোগী।
নৌ চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখতে এসব ব্রিজের উচ্চতা বৃদ্ধি করার কোনো বিকল্প নেই।
তাই নৌ চলাচল ব্যবস্থা অক্ষুণ্ন রাখতে এসব ব্রিজ পুনঃনির্মাণ অথবা ভেঙে ফেলে নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ১৩টি ব্রিজের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৬টি, সড়ক ও সেতু বিভাগের ৬টি এবং রেলওয়ের ১টি রয়েছে।
তিনি আরও বলেন, ঢাকার আশপাশের নদীগুলোকে দূষণমুক্ত রাখতে নদী তীরবর্তী যেসব শিল্প কারখানা রয়েছে সেগুলোকে চিহ্নিত করে ইটিপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নদী তীরবর্তী প্রায় দুই হাজারের বেশি শিল্প-কলকারখানা চিহ্নিত করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, ইতোমধ্যে ১৪ শত শিল্প কল-কারখানায় ইটিপি স্থাপন করা হয়েছে।
যেগুলোতে ইটিপি নেই। সেগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
শিল্প কলকারখানায় ইটিপি সার্বক্ষণিক সচল রাখতে পরিবেশ অধিদপ্তর বিশ্বব্যাংকের সহায়তায় আধুনিক টেকনোলজি ব্যবহার করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
