সাহস করে সত্য কথা বলতে হবে: ডা. জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সত্য কথা বলার দায়িত্ব সাংবাদিকরা নিয়েছেন। এটা বড় কঠিন কাজ।
কেননা সত্য কেউ শুনতে চায় না। আমরা বলি যে সত্য বলেন, কিন্তু আমরা সত্য শুনতে চাই না।
তবু সাংবাদিকদের সাহস করে সত্য সংবাদ লিখতে হবে। আমাদের সাহস করে সত্য কথা বলতে হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
দুর্নীতির চিত্র তুলে এনে তা জনগণের সামনে প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার প্রায় ৭০ হাজার গৃহহীনকে ঘর দিয়েছে। এটা অবশ্যই তারা ভালো কাজ করেছে।
ইতোমধ্যেই দেখা যাচ্ছে, দু-চার-দশটা বাড়ি এলাকার ইউপি সদস্য দখল করে নিয়েছেন।
গরিব মানুষটাকে না দিয়ে নিজেরা নিয়েছেন। এই সংবাদ তুলে আনতে হবে। এটা প্রকাশ করতে হবে।
করোনার সময়ে সাংবাদিকরা বিশেষ গুরুত্ব নিয়ে কাজ করেছেন উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, সাংবাদিকরা জনগণকে সচেতন করেছেন।
আমাদের সচেতনতার ব্যাপারে সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা রয়েছে।
সরকারকে অনুরোধ করেছিলাম, প্রত্যেক সাংবাদিককে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হোক। সংবাদপত্রের সঙ্গে যারা জড়িত, তাদের সহায়তা করা আমাদের দরকার।
তিনি আরও বলেন, পত্রিকাকে বাঁচিয়ে রাখার দরকার আছে। এ জন্য একদিকে সরকারের দায়িত্ব, অন্যদিকে পাঠকের। আমাদের সাহস করে সত্য কথা বলতে হবে। আমরা আপনাদের পাশে আছি।
অন্যান্য দেশে পত্রিকা বাঁচিয়ে রাখতে সরকার বিভিন্ন ধরনের ঋণ বা অনুদানের ব্যবস্থা করে। বাংলাদেশে এখন সর্বকালের সবচেয়ে বেশি ৭৪৩ বিলিয়ন ডলার উদ্বৃত্ত আছে।
তার থেকে সামান্য এক বা অর্ধেক বিলিয়ন ডলার আমাদের প্রধান পত্রিকাগুলোকে সাহায্যের জন্য দেওয়া যেতে পারে।
এ সময় সকালের সময় পত্রিকার সম্পাক মো. নূর হাকিমসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
