ব্রেকিং নিউজঃ

‘ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন প্রকল্প জানুয়ারিতে একনেকে’

ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প জানুয়ারিতে একনেকে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধনকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অনলাইনে যুক্ত ছিলেন।

সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসিকে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে শেখ হাসিনা সরকার সম্প্রতি বহরে সহস্রাধিক বাস ও ট্রাক সংযোজন করেছে। এখন প্রয়োজন বিআরটিসির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন।

সেবা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অনিয়ম কমানো সম্ভব উল্লেখ করে সেতুমন্ত্রী বিআরটিসির ট্রিপ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মনিটরিং জোরদার ও রাজস্ব আয় বাড়াতে নিজস্ব অপারেশন সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দেন।

এ ছাড়া শীতকালে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে যানবাহন চালনার জন্য ওবায়দুল কাদের পরিবহণ মালিক ও শ্রমিকদের অনুরোধ জানান।

এ সময় ওবায়দুল কাদের করোনাকালে সরকার ঘোষিত ‘যত সিট তত যাত্রী’ নীতি প্রতিপালনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী, সিলেটের রেঞ্জ ডিআইজি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সংযুক্ত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930