জমি নিবন্ধনের আটদিনের মধ্যেই নামজারি!
জমি নিবন্ধনের ক্ষেত্রে জটিলতা নিরসনে এবার অনেকটা অগ্রসর হলো সরকারের দুটি মন্ত্রণালয়ের কার্যক্রম।
সোমবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে ‘জমি রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাবে’ অনুমোদন দিয়েছে সরকার।
এর ফলে জমি নিবন্ধন ও নামজারিতে সহজীকরণ ধারার প্রচলন ঘটলো।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে সাংবাদিকদের এই নীতিমালাটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, ‘এটা দেশের সাধারণ মানুষ, ইনভেস্টর (বিনিয়োগকারী) সবাইকেই অনেক জটিল পরিস্থিতি থেকে অব্যাহতি দেবে এবং এর জন্য মামলাও অনেক কমে আসবে।
এ বছরের শুরুর দিকে জমি রেজিস্ট্রেশন ও নামজারির বিষয়গুলো সহজীকরণ করে মানুষের হয়রানি কমাতে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মেনে নতুন এই পদ্ধতি চালু করা হলো বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, ‘এখন থেকে সাব-রেজিস্ট্রার অফিস ও সহকারী কমিশনার ভূমি’র (এসিল্যান্ড) অফিসের মধ্যে ইন্টারঅপারেটেবল (একই সাথে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণযোগ্য) সফটওয়্যার থাকবে।
এরই মধ্যে বাংলাদেশের সব এসিল্যান্ড অফিসে এখন পর্যন্ত চার কোটি ৩০ লাখ জমির রেকর্ড অনলাইনে চলে এসেছে।
সচিব বলেন, ‘এখন সফটওয়্যার দিয়ে সাব-রেজিস্ট্রার অফিস ও এসিল্যান্ড অফিসের মধ্যে সংযোগ করে দেয়া হবে। একজন আরেক জনের ডাটাবেইজে ঢুকে কাজ করতে পারবে।’
এখন আর যে কেউ গেলেই সাব-রেজিস্ট্রার আর আগের মতো জমি রেজিস্ট্রেশন করে দেবেন না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখন অনলাইনে এসিল্যান্ড অফিস থেকে রেকর্ড অব রাইটস (আর-ও-আর) এর স্ট্যাটাসটা আগে জেনে নেবেন রেজিস্ট্রার।
এক্ষেত্রে রেসপন্সিভ (সাড়া প্রদানমূলক) সফটওয়্যারের মাধ্যমে সেটি জানতে হবে। ফলে এসিল্যান্ড চাইলেও সেটি অ্যাভয়েড (এড়িয়ে যাওয়া) করার কোনো সুযোগ পাবেন না। সাব-রেজিস্ট্রার ইন্টারনাল সফটওয়্যারের মাধ্যমে এসিল্যান্ডের জমির ভেরিফিকেশন পেয়ে যাবেন।’
জমি মিউটেশন (নামজারি) করতে গেলে আগে দলিল লাগতো উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কিন্তু এতদিন আইন যেটা ছিলো, সেখানে মাত্র দুইটা দলিল করা হতো। যিনি রেজিস্ট্রেশন করবেন উনি পাবেন, আরেকটা সাব-রেজিস্ট্রার পেতেন।
এখন এই জায়গাটাতে একটা বড় পরিবর্তন করা হলো। এখন থেকে দলিল হবে মোট তিনটা। একটা জমির মালিক, একটা সাব-রেজিস্ট্রার ও অবশিষ্ট কপি এসিল্যান্ডের কাছে সংরক্ষিত থাকবে।’
এই প্রক্রিয়ায় সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ওই জমির মিউটেশন (নামজারি) হয়ে যাবে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘এর ফলে এখন থেকে সর্বোচ্চ আটদিনের মধ্যে এসিল্যান্ড জমির নামজারি করতে পারবেন।
ইতিমধ্যে দেশের ১৭টি উপজেলায় এই পদ্ধতিতে নামজারির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।’ তিনি জানান, এই কাজগুলো করার জন্য সফটওয়্যার এসিল্যান্ড অফিসে আগে থেকেই ছিলো। শুধু এটিরই একটি লিঙ্ক দিয়ে দেয়া হবে সাব-রেজিস্ট্রার অফিসে।
মিউটেশনের (নামজারি) কাজটি করে থাকে ভূমি মন্ত্রণালয়। আর রেজিস্ট্রেশনের (নিবন্ধন) কাজটা করে থাকে আইন মন্ত্রণালয়।
এক বছরের মধ্যে এই পদ্ধতি দেশের সব ভূমি অফিসে চালু করা সম্ভব হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ‘দেশে অন্তত ১৫-১৬ শতাংশ জমির ক্ষেত্রে রেকর্ডের ঝামেলা রয়েছে উল্লেখ করে সচিব বলেন- অনেকে (জমির মালিক) রেজিস্ট্রেশন, মিউটেশন করে কিন্তু রেকর্ড কারেকশন করে না দাবি করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন থেকে এই বিষয়টিও সহজ হয়ে যাবে।
কেননা, এই কাজটি সফটওয়্যারই করে ফেলবে। এই সংক্রান্ত হালনাগাদ তথ্য এসিল্যান্ডকে প্রতিনিয়ত তার অতিরিক্ত জেলা প্রশাসককে (ভূমি) জানাতে হবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উত্তরাধিকার সূত্রের জমি পাবার ক্ষেত্রেও এই পদ্ধতি কাজে লাগবে। কীভাবে উত্তরাধিকারের জমির ভাগ হবে…ক্যালকুলেশন করার পদ্ধতি।
এসব কিছুই সফটওয়্যারেই পাওয়া যাবে। এর ফলে রেজিস্ট্রেশন খুব স্বচ্ছ হবে। নামজারির কাজটি স্বয়ংক্রিয় হয়ে যাবে।’
