দেশের গণতন্ত্রকে হত্যা করেছে সরকার: মির্জা ফখরুল
সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র দ্বি-বার্ষিক সম্মেলনে একথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রকে সুকৌশলে হত্যা করে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হয়েছে। কারাগার থেকে মুক্ত হলে সরকারের সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে বেগম জিয়া আন্দোলন গড়ে তুলবেন এই ভয়ে অন্যায়ভাবে তার জামিন আটকে রেখেছে সরকার।
মির্জা ফখরুল বলেন, তিনি অনেক অসুস্থ, এত অসুস্থ যে তিনি পঙ্গু হয়ে যাচ্ছেন। কিন্তু তাকে মুক্ত করছে না। তার একটা মাত্র কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত হয়ে আসেন। তাদের এত যে অপকর্ম এই অপকর্মের বিরুদ্ধে তিনি জনমত গড়ে তুলবেন। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করবেন।
করোনা ভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এই ঘনবসতিপূর্ণ দেশে যে কোনো সময় করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
ডিইউজের যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদের পরিচালনা ও ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, এম আব্দুল্লাহ, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, আব্দুস শহীদ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, শহিদুল ইসলাম প্রমুখ।
