ব্রেকিং নিউজঃ

দুর্দান্ত মেসি, চ্যাম্পিয়নস লিগে বার্সার উড়ন্ত শুরু

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি। অধিনায়ক নিজে গোল করলেন, সতীর্থদের দিয়ে গোল করালেন। সেইসঙ্গে আলো ছড়িয়েছেন আনসু ফাতি-ফিলিপ কুতিনহোরাও। তারকাদের জ্বলে ওঠে দিনে ফেরেন্সভারোসের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

ন্যু-ক্যাম্পে গতকাল মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপের ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের জয়ের দিনে একটি করে গোল করেন মেসি, আনসু ফাতি, ফিলিপে কুতিনহো, পেদ্রি ও উসমান দেম্বেলে।

এই জয়ের মাধ্যমে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের যাত্রা শুরু করলেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। এর আগে গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে হতাশা নিয়ে মাঠ ছেড়েছিল বার্সা। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হেরে আসর থেকে বিদায় নেয় তাঁরা। এবার সেই হতাশা কাটিয়ে দারুণ ছন্দে লিগ শুরু করল কাতালান ক্লাবটি।

অন্যদিকে ২৫ বছর পর ইউরোপসেরার মঞ্চে ফেরাটা সুখকর হলো না ফেরেন্সভারোসের।

ন্যু-ক্যাম্পে ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়া মেসিকে ডিফেন্ডার আদনান কোভাসেভিচ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টিতে সফল স্পট কিকে বার্সাকে এগিয়ে নেন অধিনায়ক মেসি। এই প্রতিযোগিতায় এটি তাঁর ১১৬তম গোল।

৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাতি। ফ্রেংকি ডি ইয়ংকে ব্যাকপাস দিয়ে ডি-বক্সের মুখে ছুটে যান স্প্যানিশ এই ফরোয়ার্ড। সতীর্থের ফিরতি ক্রস পেয়ে প্রথম ছোঁয়ায় পাঠাতে পারেননি ফাতি; তবে পোস্টে লেগে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল চলে যায় জালে।
বিরতির পর স্কোরলাইন ৩-০ করেন কুতিনহো। প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে ফাতিকে বল পাঠান মেসি। ফাতি বল বাড়ান কুতিনহোকে। সুযোগ পেয়ে সহজেই নিচু শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন মিউনিখ থেকে ফেরা কুতিনহো।

৭০ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান ইউক্রেনের মিডফিল্ডার খারাতিন। ডি-বক্সে এনগুয়েনকে ফাউল করেন জেরার্ড পিকে। ফলে পেনাল্টি পেয়ে ব্যবধান কমায় অতিথিরা। লাল কার্ড দেখেন পিকে।

৮২ মিনিটে বাইলাইন থেকে দেম্বেলের কাটব্যাকে সুযোগ পেয়ে নিচু শটে চতুর্থ গোল করেন পেদ্রি। আর শেষের দিকে হাঙ্গেরির দলটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন দেম্বেলে। ফলে ৫-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

একই গ্রুপের অন্য ম্যাচে আলভারো মোরাতার জোড়া গোলে দিনামো কিয়েভের মাঠে ২-০ ব্যবধানে জেতিছে জুভেন্টাস।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930