রাজধানীর তেজগাঁওয়ে টায়ার কারখানায় আগুন
রাজধানীর তেজগাঁওয়ের একটি টায়ার কারখানার অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের সূত্রপাত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হলেও প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আজ বুধবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা ফরহাদ হোসেন আজ বুধবার ভোরে জনতার সময় অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
ফরহাদ হোসেন বলেন, ‘রাত ৩টা ১০ মিনিটে আমরা আগুনের খবর পাই। একে একে মোট ১২টি ইউনিট কাজ করে ৫টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’
পরে ঘটনাস্থলে বুধবার ভোরে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, ‘এখন আগুন নিয়ন্ত্রণে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি করব। তদন্ত কমিটিই জানাবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।’
