নারী বিশ্বকাপ আয়োজন করতে চায় ইউরোপের তিন দেশ
২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের আগ্রহ দেখিয়েছে ইউরোপের তিন দেশ। গতকাল সোমবার নারী ফুটবলের সর্বোচ্চ আসরটি আয়োজনের আগ্রহের কথা জানায়, বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডস।
ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইডস্পোর্টের এক খবরে জানা যায়, এরই মধ্যে নিজেদের আগ্রহের কথা ফিফাকে জানিয়েছে তিন দেশ। দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে এক যৌথ বিবৃতিও দিয়েছে। দ্রুতই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাবনা তারা ফিফার কাছে পাঠাবে।
বিবৃতিতে বলা হয়, ‘নারী ফুটবলকে এগিয়ে নিতে প্রতিটি দেশই জোরাল ভূমিকা রাখছে। বিশ্বকাপের মতো আসর আয়োজনের মাধ্যমে নারী ফুটবলকে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগও সৃষ্টি হবে।’
২০১৯ সালে সর্বশেষ নারী বিশ্বকাপ ফুটবল ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৩ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
এর আগে ২০১১ সালে জার্মানিতে নারী বিশ্বকাপ আয়োজন হয়েছিল। আর নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ উয়েফা উইমেন্স চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো বেলজিয়াম নারী ফুটবলের বড় কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ নিতে চায়।
