ব্রেকিং নিউজঃ

বিএনপির সব রাজনৈতিক কৌশল ভোঁতা হয়ে গেছে : ওবায়দুল কাদের

বিএনপির সব রাজনৈতিক কৌশল এখন ভোঁতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা-টাঙ্গাইল-হাটিকামরুল-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আজ বৃহস্পতিবার পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য বহুমুখী সুবিধাসম্পন্ন বিশ্রামাগার নির্মাণের শুভসূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার একটি গণতান্ত্রিক সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বিধায় যেকোনো দলের গণতন্ত্র চর্চা ও রীতিনীতিকে সম্মান করে।’
সেতুমন্ত্রী বলেন, সরকার বিরুদ্ধমত শ্রদ্ধা করে। আর তাই বিএনপিসহ বিরোধী দলগুলো প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে, করছে মিথ্যাচার।
এ ছাড়া অবাধ মতপ্রকাশের স্বাধীনতা আছে বলেই বিরোধী দলগুলো সমালোচনা করতে পারছে, আর গণমাধ্যম স্বাধীন বলেই তারা প্রচার ও প্রকাশ করতে পারছে বলে অভিমত ওবায়দুল কাদেরের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, দিনরাত সমালোচনা করেও বিএনপি নেতারা দেশে গণতন্ত্র নেই বলে যে অভিযোগ করেন, তা তাঁদের নিজেদের অভিযোগের অসারতা প্রমাণ করে।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘অন্ধ সমালোচনা ও মিথ্যাচারের জন্য তাদের কোন নেতাকে শাস্তি দেওয়া হয়েছে, তা তারাই বলুক।’
এ ছাড়া ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার পরমত সহিষ্ণুতা আছে বলেই বিএনপি অবিরাম মিথ্যাচারের ঢোল বাজিয়ে যেতে পারছে।
সরকারের মদদে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে—বিএনপি নেতাদের এই অভিযোগের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কমিটি গঠনের পর তাদের অফিসে আগুন দিয়েছে কে? নিজেরা মারামারি করে নিজেদের হাত ভাঙছে; মনোনয়ন নিয়ে চালাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম—এসব তো তাদের নিজেদের সৃষ্ট।’
সরকার যেকোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজ দলের কেউ অপরাধ করলে শাস্তি প্রদানের সাহস একমাত্র শেখ হাসিনাই রাখেন।
ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িক উগ্রতা, অনিয়ম, দুর্নীতি এবং সামাজিক অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান ইতোমধ্যে জাতির কাছে স্পষ্ট।
শেখ হাসিনা অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে এবং দলীয় পরিচয়ও তাঁর কাছে ঢাল হতে পারেনি বলে জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করেন। মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম।
বিএনপি উপনির্বাচনে আগে থেকেই ভরাডুবির আশঙ্কা করছে, জনগণের কাছে তারা কী বলে ভোট চাইবে? তাদের ঝোলায় ইতিবাচক কিছু নেই, তাই বিএনপি বরাবরের মতো মিথ্যা অভিযোগের তীর ছুড়তে শুরু করছে।’
ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ এবং জনআস্থা। আওয়ামী লীগ জনগণকে কখনো শত্রু  মনে করে না। এমনকি বিএনপিকেও শত্রু ভাবে না, বরং রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রয়াসে দেশের সড়ক হবে নিরাপদ। মন্ত্রী আরো বলেন, নিরাপদ ও উন্নয়নবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে আইনগত কাঠামো শক্তিশালী করার অংশ হিসেবে সরকার ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ বাস্তবায়ন শুরু করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930