ব্রেকিং নিউজঃ

পূর্ব ভূমধ্যসাগরে আবার তুরস্কের জাহাজ

পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত জলসীমায় আবার যাচ্ছে তুরস্কের অশোধিত তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ওরুচ রেইস। তুরস্কের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২২ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান চালাবে ওরুচ রেইস। গ্রিসের কাস্তেলরিজো দ্বীপের কাছে যাবে এই অনুসন্ধানকারী জাহাজ। ওরুচ রেইসের সঙ্গে যোগ দেবে আরো দুটি জলযান।
ডয়েচে ভেলে জানায়, গত অগাস্টেও পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত জলসীমায়  গিয়েছিল ওরুচ রেইস। তার সঙ্গী ছিল নৌবাহিনীর জাহাজ। তুরস্কের দাবি ছিল, গবেষণার জন্য তারা এই জাহাজ পাঠিয়েছে। এ নিয়ে গ্রিসের সঙ্গে তাঁদের সংঘাত শুরু হয়। উত্তেজনা চরমে ওঠে।
তখন ফ্রান্সও পূর্ব ভূমধ্যসাগরে নৌবাহিনীর জাহাজ পাঠায়। ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উত্তেজনা কমাবার অনুরোধ করেন। তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারির হুমকিও দেওয়া হয়।
গত মাসে ওরুচ রেইসকে ফিরিয়ে নিয়ে যায় তুরস্ক। তখন এরদোয়ান বলেছিলেন, তিনি সমস্যার সমাধানের জন্য কূটনীতিকে একটা সুযোগ দিতে চান। তবে সে সময়ও তুরস্কের সরকারি অফিসাররা বলেছিলেন, অনুসন্ধানকারী জাহাজের কিছু মেরামত প্রয়োজন। তাই তা দেশে ফেরানো হয়েছে। তাঁদের পরিকল্পনায় কোনো বদল হয়নি। মেরামত হয়ে গেলে আবার তা পূর্ব ভূমধ্যসাগরে যাবে। দেখা যাচ্ছে, তাঁরা ঠিকই বলেছিলেন।
এরই মধ্যে দুই দেশই ন্যাটোর উদ্যোগে আলোচনায় রাজি হয়েছে। গত সপ্তাহে দুদেশের বিদেশমন্ত্রীর কথাও হয়েছে। গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘাত শুরুর পর এই প্রথমবার আলোচনায় বসেছিলেন বিদেশমন্ত্রীরা।
তুরস্কের সরকারি টেলিভিশন জানিয়েছে, জার্মান বিদেশমন্ত্রী হাইকো মাস, আগামী বুধবার তুরস্ক যাবেন। তাঁর সঙ্গে তুরস্কের নেতাদের আলোচনায় সব চেয়ে বেশি গুরুত্ব পাবে পূর্ব ভূমধ্যসাগরের এই উত্তেজনা। তার মধ্যেই পূর্ব ভূমধ্যসাগরে জাহাজ পাঠিয়ে তুরস্কও একটা বার্তা দিতে চেয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930