ব্রেকিং নিউজঃ

এ বছর বিপিএল হচ্ছে না

আজ রোববার মাঠে গড়িয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। তিন দলের এই ওয়ানডে টুর্নামেন্ট শেষে শুরু হবে আরেকটি টি-টোয়েন্টি লিগ। পরিকল্পনা চলছে ঘরোয়া লিগ নিয়েও। তবে চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে কোনো পরিকল্পনা নেই বিসিবির।
নভেল করোনাভাইরাসের কারণে এ বছর হচ্ছে না বিপিএল। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আগামী বছর পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিন্তা-ভাবনা করা হবে। কোনো খেলাই আমরা বাদ দিতে চাচ্ছি না। কিন্তু সবকিছুই এখন পরিস্থিতির ওপর নির্ভর করছে। বিপিএলের কথা বললেই সবার আগে মাথায় আসে বিদেশি খেলোয়াড়দের কথা ও প্রোডাকশনের কথা। এইগুলো যদি আনতে পারি তাহলে করা যাবে।’
গত আসরে নিজেদের অধীনে বিপিএল পরিচালনা করেছিল বিসিবি। আগামীতে তেমনটা হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম কথা, আমরা বিপিএল করব কি না। করলে কবে করব, এরপর চিন্তা করব, ফ্র্যাঞ্চাইজি দেব নাকি আমরাই চালাব। তা পরে ঠিক করব। আমাদের কাছে খেলাটাই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের মতো ভারতেও করোনার অবস্থা নাজুক। তাই দুবাইতে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী বছর পরিস্থিতি ঠিক না হলে বিসিবির তেমন কোনো পরিকল্পনা থাকবে কি না, জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘দেশের বাইরে এটা (টুর্নামেন্ট) সহজ নয়। বাংলাদেশে চালাতে গিয়েই আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর খুব কষ্ট হয়। সেখানে দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত বিপিএল নতুন আঙ্গিকে হয়েছিল। আসরের নামও পরিবর্তন হয়েছিল।  বঙ্গবন্ধু বিপিএল নামেই আয়োজন হয়েছিল ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031