ওয়ার্নার-বেয়ারস্টোর দিনে জিতল হায়দরাবাদ
ব্যাট হাতে ঝড় তোলেন জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নার। বেয়ারস্টো খেলেছেন ৯৭ রানের ইনিংস আর ওয়ার্নার করেছেন ৫২ রান। দুই ব্যাটসম্যানের পর বল হাতে চমক দেখিয়েছেন লেগস্পিনার রশিদ খান। দুই বিভাগের নৈপুণ্যে কিংস ইলেভেন পাঞ্জাবকে হেসেখেলে হারাল সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলে গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে পাঞ্জাবকে ৬৯ রানে হারিয়েছে হায়দরাবাদ। ম্যাচসেরা হয়েছেন ৯৭ রান করা বেয়ারস্টো।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান সংগ্রহ করে হায়দরাবাদ।
দলের পক্ষে সর্বাধিক ৫৫ বলে ৯৭ রান করেন বেয়ারস্টো। তাঁর ইনিংসটি সাজানো ছিল সাত বাউন্ডারি ও ছয় ছক্কা দিয়ে। পাঁচ বাউন্ডারি ও এক ছক্কায় ৫২ রান করেন ওয়ার্নার। বাকিদের কেউ হাত খুলে খেলতে পারেননি।
বাকি ৯ ব্যাটসম্যানের মধ্যে সর্বাধিক ২০ রান করেন উইলিয়ামসন। জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। দ্বিতীয় ওভারে দলীয় ১১ রানে সাজঘরে ফেরেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।
পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট হারায় পাঞ্জাব। টিকতে পারেননি লোকেশ রাহুলও। ১৬ বল মোকাবিলা করে ১১ রান করে আউট হন তিনি।
একে একে উইকেট হারানোর পর পাঞ্জাবের হাল ধরেন নিকোলাস পুরান। স্রোতের বিপরীতে থেকে ঝড় তোলেন তিনি। কিন্তু তাঁর ঝড়ও বাঁচাতে পারেনি পাঞ্জাবকে। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ১৩২ রানে অলআউট হয় কিংস ইলেভেন পাঞ্জাব।
হায়দরাবাদের হয়ে বল হাতে দারুণ করেছেন রশিদ খান। ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি।
চলতি আইপিএলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দিল্লি ক্যাপিটালস। ছয় পয়েন্ট নিয়ে তিনে আছে হায়দরাবাদ। দুই পয়েন্ট নিয়ে সবার তলানিতে আছে কিংস ইলেভেন পাঞ্জাব।
