ব্রেকিং নিউজঃ

ভিসা-আকামার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়াল সৌদি

সৌদি আরব প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ভিসা ও আকামার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে করোনার কারণে তারা আটকা পড়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এর ফলে গত ৩০ সেপ্টেম্বরের পর ভিসা বাতিল হয়ে যাওয়া কর্মীদের ফিরে যাওয়ার সুযোগ তৈরি হলো। এর আগে শ্রমিকদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর দাবিতে টানা দুই সপ্তাহ ঢাকায় বিক্ষোভ করে প্রবাসী কর্মীরা।

দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন বলে আজ বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন।

কূটনৈতিক সূত্র বলছে, ছুটিতে যাওয়ার সময় সব প্রবাসী কর্মীকে ‘এক্সিট রি-এন্ট্রি ভিসা’ বা পুনরায় প্রবেশের ভিসা নিয়ে যেতে হয়। ছুটি যত দিনের, এ ভিসাও তত দিনের থাকে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই ফিরে যেতে হয়। নিয়োগকর্তা (কফিল) ছুটি বাড়ালে ভিসার মেয়াদও বেড়ে যায়। কারও যদি আকামার মেয়াদ শেষ হয়ে যায়, তাও বাড়িয়ে নিতে হয়।

এসব কাজ অনলাইনে করতে পারেন কফিল। কিন্তু করোনার জন্য বিভিন্ন দেশের লাখো কর্মী আটকা পড়েছেন। তাদের সবারই ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই হাজার হাজার কফিলের পক্ষ হয়ে এর আগে সৌদি সরকার স্বয়ংক্রিয়ভাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দেয়। এবার তা ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ল। এখন সরকারের পক্ষ থেকে সবার মেয়াদ বাড়িয়ে দেওয়ায় তাদের ফিরে যাওয়ার সুযোগ তৈরি হলো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930