ব্রেকিং নিউজঃ

নবনির্মিত পানি ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর গ্রিন রোডে প্রায় ২৬১ কোটি টাকা ব্যয়ে ১২ তলাবিশিষ্ট নবনির্মিত ‘পানি ভবনের’ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পানি ভবনের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের নামে ঢাকার জলাধারগুলো ধ্বংস করা হয়েছে, যেখানেই যা স্থাপনা করা হোক না কেন জলাধার রাখতে হবে, এতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে।’

২০১৫ সালের ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পানি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জলবায়ুর বিরূপ পরিবর্তনে উদ্ভূত নানা দুর্যোগ মোকাবিলাসহ শতবর্ষী ‘ডেল্টাপ্ল্যান-২১০০’ বাস্তবায়নে যুগোপযোগী ও আধুনিক কর্মপরিবেশ তৈরির প্রয়োজনীয়তা সম্পর্কে নীতিনির্ধারণী লক্ষ্য নিয়ে ‘পানি ভবন’ প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল।

পরে প্রধানমন্ত্রীর সম্মতি, অনুমোদন ও পরামর্শে ‘পানি ভবন’ নির্মাণ প্রকল্পের পরিপূর্ণ বাস্তবায়ন করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার উল্লেখ করা হয়েছে, ১৯৫৪ ও ১৯৫৫ সালের উপর্যুপরি ভয়াবহ বন্যার পর জাতিসংঘের অধীনে গঠিত ক্রুগ মিশনের সুপারিশক্রমে সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণসহ পানিসম্পদের উন্নয়ন এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় তৎকালীন পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠিত হয়।

১৯৭২ সালে ইপিওয়াপদার ‘পানি উইং’ নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) নামে স্বতন্ত্র একটি সংস্থা করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব প্রকৌশলীদের নকশায় প্রায় চার লাখ ২০ হাজার বর্গফুটবিশিষ্ট এ ভবন নির্মাণে সময় লেগেছে প্রায় সাড়ে চার বছর। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত পানি ভবনে সোলার প্যানেল, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, রেইন ওয়াটার রিজার্ভয়ারের মতো পরিবেশবান্ধব ব্যবস্থাসহ ৫৩৬ জন ধারণ ক্ষমতাসম্পন্ন অডিটোরিয়াম, ৪৫০০ বর্গফুটের হেলিপ্যাড, ৩৭৬টি গাড়ি পার্কিংসহ অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রয়েছে।

এ ছাড়া এই কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিবিজড়িত পুকুরটি (২১ হাজার ৪৮৪ বর্গফুট) সংরক্ষণ করা হয়েছে এবং ২০ হাজার ৬২৫ বর্গফুটের একটি জলাধার নির্মাণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930