সংসদে ৬১% ব্যবসায়ী, রাজনীতিবিদ ৫ %, অন্য পেশার ৩৪%
একাদশ জাতীয় সংসদের ৬১%সাংসদ ব্যবসায়ী। বাকী ৩৯% সাংসদের মধ্যে আইনজীবী ১৩%, রাজনীতিক ৫% ও অন্যান্য (শিক্ষক, চিকিৎসক, কৃষক, অবসরপ্রাপ্ত সরকারি ও সামরিক কর্মকর্তা, গৃহিণী ও পরামর্শক ইত্যাদি) পেশার ২১%রয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ: একাদশ জাতীয় সংসদ (১ম থেকে ৫ম অধিবেশন) শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সংসদে মাত্র ১৮% সদস্যের পেশা ছিল ব্যবসা। ক্রমান্বয়ে এ হার বৃদ্ধি পেয়ে ৬১ % এ এসে দাঁড়িয়েছে।
আর প্রতিবেশী দেশ ভারতের ১৭তম লোকসভার সদস্যদের মধ্যে রাজনীতিক ৩৯%, ব্যবসায়ী ২৩%, আইনজীবী ৪% এবং অন্য পেশার সদস্য রয়েছেন ৩৮%।
সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে দেখা গেছে, স্নাতক ও স্নাতকোত্তর/তদুর্ধ্ব প্রায় ৭৭%। এইচএসসি সমমানের প্রায় ১২%, এসএসসি বা তার কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ১১% সাংসদ রয়েছেন।
সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে পুরুষ ৯২% ও নারী ৮%এবং সংরক্ষিত আসন সংখ্যা যথাক্রমে ৭৯% ও ২১%। নির্বাচিত সংসদ সদস্যদের একাংশ তাদের হলফনামায় সঠিক
তথ্য (আয়ের উৎস, সম্পদের পরিমাণ, নির্বাচনী ব্যয় ও ব্যয়ের উৎস ইত্যাদি) প্রদান করেননি। নির্বাচিত সদস্যদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় |
