ব্রেকিং নিউজঃ

শ্রীলঙ্কান লিগে খেলার ছাড়পত্র পাবেন না সাকিব

আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম অলরাউন্ডারকে নিয়ে বেশ আগ্রহ টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ক্রিকেটে ফেরার আগেই লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে নাম উঠেছে বাংলাদেশি তারকার।
কিন্তু এই লিগে সাকিবের খেলার সম্ভাবনা দেখেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু সাকিব কেন, লঙ্কান লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের খেলার সম্ভাবনা দেখেছেন না বিসিবি সভাপতি।
এবার প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। পরিবর্তিত সূচিতে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৪ নভেম্বর। তাঁর আগে আগামী ১ অক্টোবর হবে অভিষেক আসরের নিলাম। এর জন্য ১৫০ জন আন্তর্জাতিক ক্রিকেটারের তালিকা করেছে শ্রীলঙ্কা। যার মধ্যে আছেন সাকিবও। এ ছাড়া তামিম ইকবাল-মাহমুদউল্লাহদেরও নাম নিলামে ওঠার কথা।
গতকাল সোমবার বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যায়। এরপর ক্রিকেটারদের শ্রীলঙ্কান লিগ খেলার ছাড়পত্র দেওয়া হবে কি না জানতে চাইলে বিসিবি সভাপতি উত্তর দেন, ‘আমি তো সম্ভাবনা দেখি না কোনো।’
শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করতে চায় বিসিবি। তাই সভাপতির চাওয়া ঘরোয়া লিগেই খেলুক সবাই। তাঁর ভাষায়, ‘আমাদের এখানে খেলা শুরু হয়ে যাচ্ছে। এখানে খেলুক সবাই।’
ঘরোয়া ক্রিকেট চালু করার পরিকল্পনা নিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমরা ঘরোয়া ক্রিকেট লিগের খেলাগুলো চালু করে দেব। আমি বলেছি, ওদের (টুর্নামেন্ট কমিটি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) প্রস্তাবটা দিতে। খেলা তো শুরু করা যায়, এটা তো সমস্যা না। কিন্তু কীভাবে আমরা করোনা পরিস্থিতি মোকাবিলা করে ক্রিকেটারদের নিরাপদে রেখে খেলা পরিচালনা করতে পারি, সেই প্রস্তাব দিতে বলেছি। এটা নিয়ে কয়েকটি পরামর্শও দিতে বলা হয়েছে। ওরা দু-একদিনের মধ্যেই মনে হয় আমাদের দিতে পারবে।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমরা লিগটা শুরু করে দিতে চাই। কয়েকটা প্রস্তুতি ম্যাচ আছে। এরপরই ঘরোয়া ক্রিকেট শুরু করব আমরা। এখন ঘরোয়া ক্রিকেটেও কয়েক ভাগ আছে। পাঁচ-ছয়টা দল নিয়ে ৯০ জনকে অন্তর্ভুক্ত করে খেলাতে পারি, তাহলে ভালো হয়। এটা করপোরেট লিগ বা যেকোনো লিগ হতে পারে বা বিসিবির টিমও হতে পারবে। আরেকটি চিন্তা করছি, জাতীয় দল, এইচপি নিয়ে তিন-চারটি দল বানিয়ে ফেললাম। এদের মধ্যে একটা টুর্নামেন্ট আয়োজন করলাম। এ দুইটার মধ্যে যেকোনোটি করার চেষ্টা করব।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930